রাজধানী ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। ভোটার বাড়ার সঙ্গে বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও।
ভোটকেন্দ্রের প্রবেশপথে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটার স্লিপ ছাড়া কাউকেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোট দেওয়া শেষ হলে ভোটকেন্দ্রের ৪’শ গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ছাড়া কাউকেই দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না। ভোট দেওয়া শেষ হলে মাইকিং করে উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভোট দেওয়া শেষ হলে আমরা কাউকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়াতে দিচ্ছি না। কারণ মানুষের জটলা দেখলে সাধারণ ভোটাররা ভীত হয়ে পড়েন। ভাবেন এখানে কোনো সমস্যা হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আমরা সক্রিয় আছি।’
বিডি-প্রতিদিন/জামশেদ