নির্বাচনে ভোটগ্রহণের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে মন্তব্য করেছেন খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী ও সাবেক মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। আজ বৃহস্পতিবার সকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।
মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার চূড়ান্ত পর্ব এবারের নির্বাচন। আমরা আশাকরি নির্বাচনটি হবে বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক নির্বাচন। যে নির্বাচন হবে আনন্দদায়ক ও উৎসবমুখর। জনগণ ভোট দেবে দীর্ঘ ১৫ বছর পরে। একটি অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। আশা এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই জাতি ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আগামীর যাত্রা সফল হবে।
আমরা সেই যাত্রায় খুলনা বিএনপি খুলনা অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করব। খুলনা বিএনপির ঘাঁটি এবং এই ঘাঁটিতে সকল নির্বাচনে বিএনপি সবসময় বিজয়ী হয়েছে এবং এবারের নির্বাচনে বিজয়ী হবে। আমি আশাবাদী খুলনার ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয়কে তরান্বিত করবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ