ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে স্ত্রী ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। ভোট দেওয়ার আগে তিনি মুড়াপাড়া শাহী মসজিদ এলাকায় পারিবারিক কবর জিয়ারত করেন এবং প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোট দেওয়া শেষে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারেনি। এবার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রমুক্ত রূপগঞ্জ গড়ে তুলবেন।
এদিকে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা উপজেলার আধুরিয়া কেন্দ্রে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাশেমী মর্তুজাবাদ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।
রূপগঞ্জে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৫ জন এবং নারী ভোটার ২ লাখ ২ হাজার ১১২ জন। উপজেলায় মোট ১২৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন