কড়া নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। ভোটের নিরাপত্তায় জেলা ও মহানগর জুড়ে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১৮ হাজার সদস্য। জেলার পাঁচটি আসনে এমপি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে টানা সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া এবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারী ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। চার স্তরের নিরাপত্তা বলয়ে ভোটকেন্দ্রগুলো ঢেকে ফেলা হয়েছে। প্রতিটি কেন্দ্রের ভেতর পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করছেন। এছাড়া কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। আচরণবিধি দেখভালের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও ৫টি নির্বাচনি ইনকোয়ারি টিম কাজ করছে। জেলায় এবার ৯৩৫টি ভোটকেন্দ্রের মাধ্যমে ২৭ লাখ ৩৮ হাজার ২৪৫ জন ২৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/জামশেদ