মৌলভীবাজার ৪ আসন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ দুই উপজেলায় এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
সরজমিনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র গিয়ে দেখা যায়, শহরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিত কিছুটা কম। তবে চা বাগান গুলোতে ভোটারদের মধ্যে ভোটের উৎসব বিরাজ করছে। বাগানে বিভিন্ন ভোট কেন্দ্র পুরুষ ও নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে।
সকাল ১১টা পর্যন্ত ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র ভোট পড়েছে ৯১৫টি। এ কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৩৮৭৫ জন। আর শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট পড়েছে ৪১০টি। এ কেন্দ্র মোট ভোটার ২১৫১ জন।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলাউদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ১১টা পর্যন্ত এখানে ১৯ শতাংশ ভোট পড়েছে।
জানা যায়, দুই উপজেলায় নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন, মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। দুই উপজেলায় ১৬৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৯৩৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/তানিয়া