ঢাকা-১২ আসনের তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কমে গেছে। এ আসনটি ‘তিন সাইফুলের আসন’ হিসেবে পরিচিত। বিদ্যালয়ের তিনটি কেন্দ্রে সবগুলো বুথে পোলিং এজেন্টদের ভোটারদের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।
সকালের দিকে কিছু ভোটার উপস্থিত থাকলেও দুপুর গড়াতেই কেন্দ্রগুলো প্রায় ফাঁকা হয়ে পড়ে। দুপুর ২টার দিকে একটি বুথে ছয়-সাতজন ভোটার দেখা গেলেও অন্য বুথগুলো ছিল প্রায় খালি।
কেন্দ্র সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত তিনটি কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ২০ শতাংশ, ২২ শতাংশ ও ২৫ শতাংশ।
বিভিন্ন প্রার্থীর এজেন্টরা জানান, তেজগাঁও শিল্প এলাকায় কর্মরত অনেক শ্রমিক কয়েক দিনের ছুটি নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। তারা এ এলাকার ভোটার হওয়ায় উপস্থিতি কিছুটা কম। তবে দুপুরের পর ভোটার সংখ্যা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল