বিচ্ছিন্ন দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পাবনার পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে সব কেন্দ্রে ভোট গণনা চলছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৭০২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৯৩ হাজার ৬১১ জন। এর মধ্যে প্রায় অর্ধেক নারী ভোটার।
দিনব্যাপী বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। পাবনা শহরের পিটিআই কেন্দ্রে প্রায় ৬২ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। পিটিআই-৩০ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মতিউর রহমান সুজন জানান, মোট ২ হাজার ৭১৪ ভোটারের মধ্যে ১ হাজার ৩৫৯ জন ভোট দিয়েছেন।
পাবনা-৪ আসনের রামচন্দ্র বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ২ হাজার ৮৫৬ ভোটারের মধ্যে প্রায় ১৮ শতাংশ ভোট পড়ে বলে জানান কেন্দ্রের কর্মকর্তা সুজন কুমার রায়। একই এলাকার মহিলা কেন্দ্রের কর্মকর্তা মাহবুব তৈমুর আজমী জানান, তার কেন্দ্রে ২ হাজার ৬৫৫ ভোটারের মধ্যে ২৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
ঈশ্বরদীর সাড়া মারোয়াড়ি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩ হাজার ৩৩৪ ভোটারের মধ্যে ১ হাজার ৩৫টি ভোট পড়ে বলে জানান কর্মকর্তা সাদমান সাকিব। তিনি বলেন, কিছু ভোটার বুথ খুঁজে পেতে সমস্যায় পড়েন।
বেলা দেড়টার দিকে পাবনা-৩ আসনের রাজা চন্দ্রনাথ ও সম্ভুনাথ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৩ হাজার ৩৮৪ ভোটের মধ্যে ১ হাজার ৭২১টি ভোট কাস্ট হয়েছে বলে জানান কেন্দ্রের কর্মকর্তা এম এ কবির।
এদিকে দীর্ঘদিন পর নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন ৮৫ বছর বয়সী লাল বানু। ঈশ্বরদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, শরীর খারাপ থাকলেও ভোট দিতে এসেছেন। এত মানুষের উপস্থিতি দেখে তার ভালো লেগেছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকাল থেকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিডি-প্রতিদিন/আশফাক