তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রাজ্যজুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, রাজ্যের স্টেট মার্কেটিং করপোরেশন (টাসম্যাক) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। জনসাধারণের কল্যাণের কথা মাথায় রেখে ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) নেতা বিজয়ের এটি প্রথম বড় সিদ্ধান্ত। সরকার জানিয়েছে, ‘টাসম্যাক বর্তমানে রাজ্যে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করে, যার মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।’ রাজ্যের রাজস্বের একটি বড় অংশ টাসম্যাকের মদের বিক্রি থেকে এলেও এই বন্ধের আদেশটি দলমতনির্বিশেষে সবার সমর্থন পেয়েছে বলে মনে করা হয়। উদাহরণস্বরূপ, ২০২৫ সালে মোট রাজস্ব ছিল ৪৮ হাজার কোটি টাকার বেশি। এটি বিজয়ের ‘মাদকাসক্তিমুক্ত’ তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ।-এনডিটিভি
উল্লেখ্য, গত মাসের বিধানসভা নির্বাচনে টিভিকে বড় জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১০ আসন পিছিয়ে ছিল। পরে কংগ্রেস, দুটি বামপন্থি দল এবং ছোট তামিল দল বিদুথালাই চিরুথাইগাল কাছির সমর্থনে সরকার গঠনের পথ তৈরি হয়।
বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন সরকারি পদ : দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের সুযোগ পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয়। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসালেন এই তারকা। গতকাল এক সরকারি আদেশে রাধান পণ্ডিত ভেট্টিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১০ মে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে। কিন্তু ব্যক্তিগত জ্যোতিষী ভেট্টিভেলের পরামর্শে তা পরিবর্তন করে সকাল ১০টায় আনা হয়। জ্যোতিষীর দাবি ছিল, ওই সময়টি ছিল অত্যন্ত ‘শুভ মাহেন্দ্রক্ষণ’। বিজয়ের রাজনৈতিক যাত্রার প্রতিটি পদক্ষেপে ভেট্টিভেলের প্রভাব এখন ‘ওপেন সিক্রেট’। -এনডিটিভি