চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি ২০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায় কারাগারে রয়েছেন। রাজধানীর মাটিকাটা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর ১৮ এপ্রিল আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি গতকাল আলোচনায় আসে। প্রতারণা মামলায় দেবু প্রসাদ রায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান।
তিনি জানান, দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন তার বন্ধু মিজানুর রহমান। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন পূজা চেরীর বাবা। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সবশেষ গত ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি। প্রতারণার শিকার মিজানুর রহমানের দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের টালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। বাবার বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে পূজা চেরী গণমাধ্যমে জানান, এ মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিষয়টি তার পরিবারকেন্দ্রিক হলেও এ বিষয়ে কোনো তথ্য জানা নেই।