জঙ্গিদের হাত থেকে মুক্তি পাওয়ার পর লিবিয়া প্রবাসী দুই বাংলাদেশি ফিরছেন আজ। লিবিয়ার সির্তে শহরে গত ১৮ দিন ধরে তারা বন্দী ছিলেন। এরপর গত ২৪ মার্চ মুক্তি পান তারা। মুক্তি পাওয়া এই দুজন হলেন জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসাইন। দেশটির বাংলাদেশ দূতাবাস থেকে বৃহষ্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দূতাবাসের (শ্রম শাখার) কাউন্সেলর এএসএম আশরাফুল ইসলাম বলেন, গত ৬ মার্চ সির্ত শহরের দক্ষিণাঞ্চলে একটি তেল ক্ষেত্র থেকে বাংলাদেশের দুজনের সঙ্গে আরও সাত বিদেশিকে আটক করে নিয়ে যায় জঙ্গিরা। এদের মধ্যে চারজন ফিলিপাইনের, একজন অস্ট্রিয়ার, একজন চেক প্রজাতন্ত্রের ও একজন ঘানার। পরবর্তীতে এই দুজনের সঙ্গে শুধু ঘানার নাগরিককে মুক্তি দেওয়া হয়। বাকি ছয়জনকে আটক করো রাখা হয়। গত ২৪ মার্চ সির্তে শহরে এদের ছেড়ে দেওয়া হয়। পরে তারা প্রাণপন চেষ্টা চালিয়ে রাজধানী ত্রিপলিতে পৌঁছেন। আশরাফ আরও বলেন, এরপর তারা মিসরাতায় স্থানীয় সশস্ত্র বাহিনীর হাতে ধরা পড়েন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও বলেন, দেশে পাঠানোর জন্য তাদের সেখান থেকে মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে। আগামি রবিবারের মধ্যেই তারা ঢাকায় পৌঁছবেন। এদিকে দুজনের পরিবারের আত্মীয়-স্বজনরা এই খবরে স্বস্তির নি:শ্বাস ফেলেছে। হেলালের মেয়ে হেলেনা আক্তার তার বাবার ফোন পেয়ে খুব খুশি। তিনি বলেন, আমার বাবা নিরাপদে আছে। লিবিয়া থেকে সরাসরি ফোনে কথা বলেছে। অন্যদিকে আনোয়ারের স্ত্রী মারুফা খাতুনও তার স্বামীর সঙ্গে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।