শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, "বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী নয় এমন একটি মহল শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। ওদের ষড়যন্ত্র সম্পর্কে সকলের চোখ-কান খোলা রাখতে হবে।
শুক্রবার নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে শিল্পমন্ত্রী কন্স্যুলেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্যকালে এ আহ্বান জানান।
আমু বলেন, 'তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুধু সরকারবিরোধী নয়, একই সঙ্গে দেশবিরোধীও। ওরা সুদূর এ প্রবাসেও নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে সুনাম অর্জন করেছে এবং করছে, তা নষ্টের মতলবে ওরা ষড়যন্ত্র চালাচ্ছে।’ এসব গোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থেকে দেশের উন্নয়নে কাজ করার জন্য কনস্যুলেট কর্মকর্তা/কর্মচারীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রবীণ এই নেতা।
কন্স্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা কীভাবে জনগণের জন্যে ব্যাপক কল্যাণ বয়ে এনেছে তা তুলে ধরেন। বিদেশস্থ মিশনসমূহের কর্মকর্তা/কর্মচারীগণের আন্তরিক সেবা প্রদানের কথা উল্লেখ করে বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা প্রতিহত করতে সকলকে সংকল্পবদ্ধ থাকতে হবে। পরে তিনি কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় এসময় কন্সাল জেনারেল মো. শামীম আহসান মন্ত্রীকে স্বাগত জানান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা কমিশনের সদস্য এস এম গোলাম ফারুকসহ উচ্চ পদস্থ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ সরকারী কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রী গত বুধবার থেকে নিউইয়র্ক অবস্থান করছেন।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৫/ রশিদা