পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াস আজ সোমবার (১২ জানুয়ারি) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছেন, চেয়ারম্যান মহসিন নাকভি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পাকিস্তান ক্রিকেটে তার অবদানের কথা স্মরণ করেছেন।
মোহাম্মদ ইলিয়াস ১৯৬০-এর দশকে পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট খেলেছিলেন। বিশেষভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ছয়টি টেস্ট উল্লেখযোগ্য। ১৯৬৫ সালে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে তিনি নিজের একমাত্র টেস্ট সেঞ্চুরি করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ১৯৬১ থেকে ১৯৭২ সালের মধ্যে ৮২ ম্যাচে ৪৬০৭ রান সংগ্রহ করেন, গড় ছিল ৩৫.৭১। তার শেষ স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ১৯৭৫ সালে।
কৈশোরে বক্সিং ছিল তার প্রিয় খেলা, তবে লাহোরে ঘরোয়া ক্রিকেটে ফাস্ট বোলার হিসেবে শুরু হয় তার পথচলা। স্কুল ক্রিকেটের হাত ধরে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন টপ অর্ডার ব্যাটার। শক্তিশালী হুক শট ছিল তার প্রধান অস্ত্র। মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তার।
১৯৬৪ সালে অস্ট্রেলিয়ায় একমাত্র টেস্টে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটে তার। ওই ম্যাচে তার সঙ্গে অভিষেক হয় কিংবদন্তি ইয়ান চ্যাপেলেরও। ১৯৬৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার পর তার টেস্ট ক্যারিয়ার শেষ হয়। ১৯৭২-৭৩ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বোর্ড প্রধান এএইচ কারদারের সঙ্গে বিরোধের কারণে দল থেকে বাদ পড়েন এবং এরপর আর নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেননি।
খেলা ছাড়ার পর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়েতে ক্রিকেট খেলে পাকিস্তানে ফিরে বিভিন্ন সময়ে নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০১৪ সালে তিনি জুনিয়র নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
বিডি প্রতিদিন/মুসা