রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জাবি আলোনসো আর ক্লাবের দায়িত্বে থাকবেন না। সোমবার স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর সঙ্গে কোচিং চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের একদিন পরই এই ঘোষণা আসে। গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর কোচিং স্টাফে পরিবর্তনের গুঞ্জন থাকলেও সোমবার ক্লাবের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।
বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, 'জাবি আলোনসো একজন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। তিনি সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। মাদ্রিদিস্তাদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি আজীবন বহন করবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর।'
ক্লাব আরও জানিয়েছে, আলোনসো ও তার কোচিং স্টাফদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানানো হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হচ্ছে।
রিয়ালের সাবেক এই মিডফিল্ডার খেলোয়াড় হিসেবে যেমন ক্লাবের ইতিহাসের অংশ, তেমনি কোচ হিসেবেও ইউরোপীয় ফুটবলে স্বল্প সময়ে নিজের ছাপ রেখেছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও বড় ম্যাচে ফল না আসার কারণে এই সিদ্ধান্ত আসার সম্ভাবনা বেশি।
বিডি প্রতিদিন/মুসা