হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের বড় সংগ্রহকে পাত্তাই দিল না ভারত। ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট ও ৫৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারতীয় যুবারা। এই জয়ে ফাইনালে উঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জোড়া সেঞ্চুরিতে ভর করে তারা তোলে ৪ উইকেটে ৩১০ রান। ওপেনার ফয়সাল সিনোজাদা ৯৩ বলে ১৫ চারের সাহায্যে করেন ১১০ রান। অপর প্রান্তে উজাইরউল্লাহ নিয়াজাই ৮৬ বলে অপরাজিত ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন।
তবে আফগানদের এই দুই সেঞ্চুরির জবাব ভারত দিয়েছে এক সেঞ্চুরিতেই। ওপেনার অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩৩ বলে করেন ৬৮ রান।
মাঝের ওভারে অধিনায়ক আয়ুশ এমহাত্রে যোগ করেন ৬২ রান, আর ভিহান মালহোত্রা ৩৮ রান করে অপরাজিত থাকেন। মাত্র দুই উইকেট হারিয়ে ৩০০ ছাড়িয়ে যায় ভারত, বড় লক্ষ্য তাড়ায় কোনো চাপই পড়তে হয়নি তাদের।
ফলে আফগানিস্তানের স্বপ্নভঙ্গ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
বিডি প্রতিদিন/মুসা