উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন। নববর্ষ নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে এবং শিক্ষার্থীদের মননশীল হতে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান এবং বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. খাইরুল ইসলাম জুমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজিত মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন লক্ষ্য করা যায়। শুরুতেই শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। এরপর চলে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা—ছেলেদের মোরগ লড়াই ও বস্তা দৌড় এবং মেয়েদের চামচ দৌড়, মিউজিক্যাল চেয়ার ও বালিশ খেলা দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। এছাড়াও ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষকদের অংশগ্রহণে আয়োজন করা প্রতিযোগিতা। ক্রিকেট স্ট্যাম্প টার্গেট ও সুঁই-সুতা দৌড়ে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
মেলা উপলক্ষে পুরো ক্যাম্পাস নববর্ষের রঙে সেজে ওঠে। লাল-সাদা শাড়ি ও বাহারি পাঞ্জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। মেলা প্রাঙ্গণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাত, মাছ ভাজি ও নানা ধরনের ভর্তার আয়োজন ছিল।
সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এনআরএইচ