জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ‘নববর্ষের আবাহন—ঐক্য, শান্তি, উত্তরণ’ প্রতিপাদ্যে এবার প্রথমবারের মতো দুই দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়।
প্রথম দিন সকালে শহিদ সাজিদ ভবনে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। পরে তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ক্যাম্পাস থেকে বের হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চ ও পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে বসে বৈশাখী মেলা। দেশীয় পণ্য ও লোকজ উপকরণের সমাহার দর্শনার্থীদের আকৃষ্ট করে।
পরে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা শেষে সংগীত, নৃত্য, গম্ভীরা ও লাঠিখেলাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) শিক্ষার্থীদের পরিবেশনা, ব্যান্ড সংগীত, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং লালন ব্যান্ডের কনসার্টের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের সমাপ্তি হবে।
বিডি-প্রতিদিন/এমএল