সিলেটের বিশ্বনাথে চোরাচালানের মাধ্যমে আনা ১৬ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে থানা পুলিশ। গেল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামের মৃত জগম্বর আলীর ছেলে হেলাল মিয়ার বসতঘর থেকে এ গুলো উদ্ধার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারি হেলাল (৪৬)।
পুলিশ জানায়, হেলাল চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক ও বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে। তার বসতঘরে ভারতীয় চোরাচালানের মালামাল মজুদ আছে জানতে পেরে, অভিযান চালানো হয়। এসময় কৌশলে পালিয়ে যায় সে। তল্লাশিকালে তার ঘর থেকে ১৬ পিস ভারতীয় কম্বল পেয়ে তা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা প্রায়।
জিজ্ঞাসাবাদে হেলালের পরিবার জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব কম্বল দেশে আনা হয়। পরে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখেন নিজ বসতঘরে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই (নিরস্ত্র) অনীক বড়ুয়া ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বাংলাদেশ সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে, অবৈধ ভাবে ভারতীয় কম্বল সংগ্রহ করে হেফাজতে রেখেছিলেন হেলাল মিয়া। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন