আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা আগেভাগেই প্রতিরোধ করা যায়।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ব্যবস্থাপনায় এবং উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান।
সংবাদ সম্মেলনে সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
কর্নেল বি এম তৌহিদ হাসান জানান, সরাইল রিজিয়নের আওতাধীন ১ হাজার ২০৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ৭২ জন আসামিসহ ১৬৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৭২ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে ৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ২৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গোলাবারুদ এবং ২৪টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ