সিলেটে ‘নীল নদ’ খ্যাত পর্যটন স্পট সারি নদীতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে বেলা ১টার দিকে সারি নদীর সাহেবমারা নামক স্থানে চোরাবালিতে তলিয়ে নিখোঁজ হন ওই ছাত্র।
মারা যাওয়া ছাত্রের নাম মো. মুসআব আমীন (২৮)। তিনি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সখিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে ও শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ সেশনের ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১টার দিকে সারি নদীর চোরাবালিতে তলিয়ে যান আমিন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ অভিযান চালিয়ে নিখোঁজের তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম