আসন্ন নির্বাচন নিয়ে পুরোপুরি স্বস্তি অনুভব করতে পারছেন না বলে মন্তব্য করেছেন, বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, এমন দৃঢ় আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী মা তাহসিনা রুশদীর লুনা’র পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় আবরার ইলিয়াস অর্ণব ‘বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিগত সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলো কোনোভাবেই সুষ্ঠু হয়নি। আসন্ন নির্বাচন নিয়েও তাই তিনি পুরোপুরি আস্থা অনুভব করতে পারছেন না। কারণ হিসেবে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নানা ধরনের ষড়যন্ত্রের আভাস মিলছে, যার লক্ষ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা নস্যাৎ করা।’
তিনি বলেন, ‘বিভিন্ন দল ও গোষ্ঠী এই নির্বাচন বানচালের জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস এই দেশের মানুষের ওপর। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রকারীই সফল হতে পারবে না।
জুলাই আন্দোলন ও ছাত্রদলের আন্দোলনের প্রসঙ্গ টেনে আবরার ইলিয়াস বলেন, দীর্ঘ ত্যাগ ও তিতিক্ষার পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে ঘিরে দেশের মানুষ স্বাভাবিকভাবেই আশা করছে একটি সুষ্ঠু, আস্থা-নির্ভর ও গ্রহণযোগ্য নির্বাচন। তবে বাস্তবতার জায়গা থেকে কিছুটা শঙ্কা এখনো থেকেই যাচ্ছে। নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা নতুন বাংলাদেশ গড়ার পথ থেকে সরে যাব না। দল-মত নির্বিশেষে সকল জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন আমরা অবশ্যই নিশ্চিত করতে পারি।’
শেষে দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ভোটাররা যদি নিজ নিজ দায়িত্বে ভোটকেন্দ্রে উপস্থিত হন, কেন্দ্র পাহারাসহ নাগরিক দায়িত্ব পালন করেন, তাহলে জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকতে পারবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন