রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লকের এবিজি খেলার মাঠে আয়োজিত চার দিনের জমকালো বৈশাখী উৎসব শেষ হচ্ছে আজ। বসুন্ধরা হাউজিং ও বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ উৎসব শুরু হয় গত মঙ্গলবার। শুরু থেকেই বাঙালি ঐতিহ্যের নানা উপাদানে ভরপুর এ আয়োজন স্থানীয়দের মধ্যে আলাদা উচ্ছ্বাস-উদ্দীপনা তৈরি করে। উৎসবে রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ, আলপনা উৎসব, বৈশাখী শোভাযাত্রা, পুতুলনাচসহ নানা আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, উৎসবের শেষ দিন আজ দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ ‘গ্র্যান্ড কনসার্ট’। এদিন সন্ধ্যায় মঞ্চে উঠবে জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামসহ আরও কয়েকটি ব্যান্ড। আয়োজনে সুরের মূর্ছনায় মাতবে পুরো বসুন্ধরা এলাকা। কনসার্ট উপভোগ করতে দর্শনার্থীদের টিকিট সংগ্রহ করতে হবে। ভিআইপি টিকিটের মূল্য ১ হাজার টাকা, সাধারণ টিকিট ৫০০ এবং শিক্ষার্থীদের জন্য মাত্র ৩০০ টাকা। টিকিটের সঙ্গে নাগরদোলা, বায়োস্কোপসহ চারটি রাইড থাকছে সম্পূর্ণ বিনামূল্যে উপভোগের সুযোগ! গতকাল বিকালে এবিজি খেলার মাঠ সরেজমিন ঘুরে দেখা যায়, উৎসব প্রাঙ্গণজুড়ে মানুষের উপচে পড়া ভিড়। শুধু বসুন্ধরা আবাসিক এলাকা নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও সাধারণ মানুষ এসেছে এ আয়োজনে। পুরো মাঠজুড়ে যেন এক উৎসবমুখর পরিবেশ!
মেলায় মোট ২২টি স্টল রয়েছে। খাবারের স্টলগুলোতে ফুচকা-চটপটি, আইসক্রিম, জুস, দইসহ নানা ধরনের খাবার পাওয়া যাচ্ছে। পাশাপাশি নারীদের জুয়েলারি, ব্যাগ, শাড়ি এবং শিশুদের খেলনার স্টলও রয়েছে। এক পাশে নাগরদোলা ও বায়োস্কোপ দর্শনার্থীদের আলাদা আকর্ষণ হয়ে উঠেছে। আলপনা উৎসবে নারী-শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষ অংশ নিয়ে উপভোগ করছেন ব্যতিক্রমী এ আয়োজন। ডি ব্লকের বাসিন্দা সাঈদ আবদুল্লাহ বলেন, এ এলাকা দেশের অন্যতম নিরাপদ ও আকর্ষণীয় আবাসিক এলাকা। এখানে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।