দেশের টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ উপখাত স্পিনিং মিলগুলো প্রি-শিপমেন্ট ক্রেডিট সুবিধা পাচ্ছে না এমন অভিযোগ তুলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা গভর্নরের হস্তক্ষেপ চেয়েছেন। চিঠিতে বলা হয়, বিটিএমএ দীর্ঘদিন ধরে দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ, স্থানীয় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটির সদস্য মিলগুলো তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিমুখী খাতে সুতা, কাপড় ও অন্যান্য টেক্সটাইল উপকরণ সরবরাহের মাধ্যমে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে শক্তিশালী করেছে। ফলে দেশের রপ্তানি সক্ষমতা ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখতে এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিটিএমএ জানায়, বাংলাদেশ ব্যাংক পূর্বে জারিকৃত একাধিক সার্কুলারের মাধ্যমে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছে। সর্বশেষ নির্দেশনায়ও আগের নির্দেশনাগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তা বহাল রাখার কথা বলা হয়েছে। সংগঠনটির মতে, শর্ত পূরণ সাপেক্ষে স্পিনিং মিলগুলো যারা পরোক্ষভাবে রপ্তানিকারক হিসেবে কাজ করে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে নীতিগতভাবে কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিটিএমএ অভিযোগ করেছে, অনেক বাণিজ্যিক ব্যাংক তাদের সদস্য মিলগুলোকে, বিশেষ করে সুতা উৎপাদনকারী স্পিনিং মিলগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিট দিচ্ছে না। কোথাও আবার নানা ব্যাখ্যাগত, প্রক্রিয়াগত ও প্রশাসনিক অজুহাতে আবেদন নাকচ করা হচ্ছে।