গাজীপুরে একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্ধশতাধিক শ্রমিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া চৌধুরীবাড়ী এলাকায় প্যানএশিয়া ক্লদিং কারখানায় এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ এ ঘটনায় এক দিনের ছুটি ঘোষণা করেছেন। শিল্পপুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশ প্যানএশিয়া ক্লদিং লিমিটেড তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন অসুস্থ বোধ করেন। তাদের দেখাদেখি আরও শ্রমিক অসুস্থ বোধ করেন। এ ঘটনায় অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠানো হয়। কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, ‘শ্রমিকরা মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিক ধারণা, শ্রমিকরা গণমনোদৈহিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ‘এখন পর্যন্ত আমরা দুটি হাসপাতালে ৫৫ জনের মতো ভর্তি হওয়ার খবর পেয়েছি।