লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় বাসিন্দারা এ অপচেষ্টা প্রতিহত করেন। তখন ভারতের নাগরিকরা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হয় জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি সদস্যরা স্থানীয়দের শান্ত করেন। বিএসএফ নিজেদের ভূখণ্ডে ফিরে যায়। স্থানীয় জোংড়া ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়া কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয়দের বাগ্বিতণ্ডা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ৬১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফজলে মুনিম জানান, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই।