বঙ্গোপসাগরে কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে মাঝিমাল্লাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোর এখনও নিখোঁজ রয়েছে আর অন্তত আটজন জেলে আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন এহসান মাঝির ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার সময় এতে থাকা মাঝি ও জেলেরা সাগরে ছিটকে পড়েন।
দুর্ঘটনার সময় সাগর থেকে ফিরতে থাকা কয়েকটি মাছ ধরার বোট সাগরে ভাসমান অবস্থায় আটজন জেলেকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। পরে বিষয়টি বোট মালিককে জানানো হলে আরও কয়েকটি বোট ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসে। ট্রলারটি তীরে আনার পর এর ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর জকির আলমের ছেলে ওই ট্রলারের মাঝি এহেছান। আর অপরজন হলেন আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত জালাল আহমেদের ছেলে আব্দুল মোতালেব ( প্রকাশ ল্যাড়াইয়া)। এছাড়া বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর মাহামুদুল করিমের ছেলে মো. ফয়সাল (১২) নিখোঁজ রয়েছে।
জেলেরা জানান, মাছ নিয়ে কুতুবদিয়ায় ফেরার পথে সাগরে ভাসমান অবস্থায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করে এবং বিষয়টি ট্রলার মালিককে জানানো হয়। খবর পেয়ে ট্রলার মালিক জেলেদের উদ্ধারের জন্য কয়েকটি ট্রলার ঘটনাস্থলে পাঠিয়ে দেন। পরে, ডুবে যাওয়া ওই ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ার তীরে আনা হলে এর ভিতরে থাকা মাঝি এহেছান ও আব্দুল মোতালেব (প্রকাশ ল্যাডাইয়া) জেলের মরদেহ পাওয়া যায়।
এদিকে, নিখোঁজ মো. ফয়সালকে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রলার মালিক কামাল হোসেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, ট্রলার দুর্ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ