জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ নামে এক সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সুলতান শেখ (৪০) জেলার ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে। কারাগার সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি গত বছরের ১১ ডিসেম্বর থেকে কারাবন্দী ছিলেন। শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত হয়ে তার আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শনিবার (১০ জানুয়ারি) সকালে প্রচন্ড শীতে শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ