সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাকটির ওজন ৬ টন ৩০০ কেজি এবং মালামাল ধারণক্ষমতা ১৪ টন। ট্রাকটির আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কে নিয়মিত টহল ডিউটির সময় সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী একটি খালি ট্রাককে সন্দেহজনক মনে হলে উপসহকারী পরিদর্শক (এএসআই) জালাল উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স সেটি থামানোর চেষ্টা করে। এসময় ট্রাকটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে মানিকপুর এলাকায় এসে ট্রাকটি ফেলে রেখে চালক ও তার সহযোগী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে ট্রাকটি (নম্বর: সিরাজগঞ্জ ট-১১-০০৭৮) জব্দ করে থানায় নেওয়া হয়। উদ্ধার হওয়ার দেড় ঘণ্টা আগে রাত ৩টার দিকে শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার থেকে ট্রাকটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ট্রাকটির মালিক ওই এলাকার বাসিন্দা রাজিব সরকার। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ