শেরপুরের দুর্গম চরাঞ্চলে অবৈধভাবে সরকারি বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
রবিবার সন্ধ্যার আগে শেরপুর সদর উপজেলার কলুরচর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক। অভিযানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সদর এসিল্যান্ড উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টে কলুরচর এলাকার সাত্তারের ছেলে মো. সোহেল মিয়া (৩৫)-কে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মাহেন্দ্র জব্দ করা হয়।
সূত্র জানায়, অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ১৫(১) ধারায় অভিযুক্তকে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক জানান, সামনে বালু দস্যুদের বিরুদ্ধে আরও বড় পরিসরে অভিযান চালানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল