ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে তার স্বামীর বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, একই দিন বাদ জোহর ঢাকা ডেমরা এলাকায় তাঁর বাবার বাড়ির শেখদী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
নিহত ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মো. শাহ জাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্বামী মো. শাহ জাহান মাস্টার জানান, মাইগ্রেনের ব্যথা নিয়ে ফেরদৌস আরাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৭টায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই মারা যান। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
ফেরদৌস আরার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারসহ দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ