ডিসেম্বর (২০২৫) মাসে কুমিল্লা জেলার সব থানার মধ্যে মাদকদ্রব্য উদ্ধারে জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহপরান।
রবিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাঁদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের সমস্যা তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন।
এ সময় তিনি সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিকতা বজায় রাখা, প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণে গুরুত্ব দেন।
এছাড়া ডিসেম্বর (২০২৫) মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল