ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জায়গা থেকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার এ অভিযানে সওজ ও উপজেলা প্রশাসনের যৌথ টিম অংশ নেয়।
সওজ সূত্র জানায়, মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং দীর্ঘদিনের যানজট নিয়ন্ত্রণে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরাতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় কঠোর উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ।
বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সওজের কর্মকর্তারা তিনটি বুলডোজার নিয়ে নিমসার বাজার এলাকায় সড়কের দুই পাশে একযোগে অভিযান চালান। কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে ৪ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, নিমসার বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে। সওজের দায়িত্বরত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সরেজমিনে দেখা গেছে, মোকাম ইউনিয়নের নিমসার পাইকারি বাজার ঘিরে মহাসড়কের দুই পাশে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, সওজের জায়গা দখল করে প্রভাবশালীরা শতাধিক ভাসমান দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে আসছিল।
প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে এই বাজারে আসেন। এতে মহাসড়কের দুই পাশে ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক সময় উল্টো পথে গাড়ি চলাচল এবং সড়কের ওপর মালামাল লোড-আনলোডের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে তীব্র যানজটের সৃষ্টি হতো।
গৌরীপুর সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন, মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। যানজট স্থায়ীভাবে নিরসনে মহাসড়কের পাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
স্থানীয়রা আশা করছেন, এ উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি মিলবে।
বিডি প্রতিদিন/এএম