যশোরের অভয়নগরে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনাকীর্ণ এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।
এসময় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামি সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোন বিকল্প নেই।
নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন বিভেদের সময় নয়। দেশ রক্ষায় ও দেশ গড়তে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সকলের সম্মিলিতভাবে চেষ্টা করে যশোর-৪ আসন তারেক রহমানকে উপহার দিতে হবে। টিএস আইউব বলেন, ‘যশোর-৪ আসন তথা বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সব সমস্যা ও সম্ভাবনার কথা আমরা জানি। তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে’।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি শাহ জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন লিপু।
সমাবেশে শেষে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নেতৃত্বে নওয়াপাড়া শহরে বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/নাজমুল