চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদের সমর্থনে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার নারী–পুরুষের উপস্থিতিতে বৈঠক, ৩১ দফার লিফলেট বিতরণ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশিদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে বৃহত্তর ঐক্য ও নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারার যে ক্ষত, তা আমরা সবাই মিলে কাটিয়ে উঠব।’
তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান ও সমঅধিকার রক্ষায় বিএনপি অতীতেও ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।
তিনি দাবি করেন, ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নারীদের সঙ্গে কথা বলে তিনি বুঝেছেন যে ‘ধানের শীষ তাদের ভালোবাসার প্রতীক’।
বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর সুস্থতা ও মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানি, প্রবাসী বিএনপি নেতা শরিফ হোসেন খান, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন নেতারা।
বিডি-প্রতিদিন/সুজন