ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন দুলু।
এ সময় দুলুর সঙ্গে ভোট দিতে আসেন তার বড় কন্যা ব্যারিস্টার রাত্রি ও ছোট কন্যা রোদেলা।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দীর্ঘ ২৫ বছর পর আজ ভোট প্রদান করলাম। সারাদেশে মানুষ ভোট দিতে ট্রেন, বাস, লঞ্চে বাড়িতে এসেছে। যারা সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে তারা সারা রাত ধরে যে ঘটনা ঘটনালো টিভিতে দেখলাম। তারা ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০২ সালে অষ্টম জাতীয় সংসদে নাটোর সদরের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হন। এরপর ভূমি উপমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়াও তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন। এছাড়াও বিএনপির এ নেতা দীর্ঘদিন নাটোর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া