খুলনা-২ আসনের বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার। তিনি সোনাডাঙ্গা নবীনগর এলাকার বাসিন্দা। সরকারি নথি অনুযায়ী তার বয়স ৯৭ বছর, বাস্তবে ১০০ বছর ছাড়িয়েছে। বয়সের ভারে বর্তমানে লাঠি ভর দিয়ে চলাফেরা করতে হয়। একসময় তিনি ইট, বালু ও সিমেন্ট ব্যবসা করতেন।
স্বাধীনতার পর এ পর্যন্ত ১২টি সংসদীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। শুধুমাত্র দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। বৃহস্পতিবার সকালে ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তিনি সেই ঘটনার কথা স্মরণ করলেন।
আবুল হোসেন সরদার বলেন, আইয়ুব খান-জিন্নার পতনের পর এ পর্যন্ত ১২টি সংসদ নির্বাচনে ভোট দিয়েছি। শুধু গতবার কেন্দ্র থেকে গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি। তবে এবার পরিস্থিতি বদলে গেছে। ভোটের পরিবেশ ভালো, ভোটাররা স্বতন্ত্রভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ১৫ বছর পর নির্বাচনী পরিবেশ এতটা স্বচ্ছ ও নিরাপদ দেখছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
বিডি-প্রতিদিন/সুজন