নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নারী ও পুরুষ ভোটারদের ভিড় জমতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও দীর্ঘ লাইন রয়েছে।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে চারটি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা ফাইমা আক্তার রিয়া বলেন, এবার আমার প্রথম ভোট দিয়েছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি অনেক খুশি। ঝামেলামুক্তভাবে ভোট দিতে পেরেছি। আল আমিন নামের এক ভোটার বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।
১৭৪ নম্বর রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার বরুণ সাহা বলেন, সব প্রার্থীর এজেন্ট উপস্থিত আছেন। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার পর দুই ঘণ্টায় প্রায় ১৫ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪০৩ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ