ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও সকালভাগে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো বৃদ্ধি পাচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ১২টি উপজেলা নিয়ে গঠিত এই ৮টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৬ লাখ ৭১ হাজার ১৯৮ জন এবং পুরুষ ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৮২২ জন। এছাড়া নতুন ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৬ জন।
জেলায় মোট ১,০৬৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৮টি আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারসহ মোট ১৮ হাজার ৮৯৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৬৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্বে রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ