আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীর ভোটার ঠিকানা কুমিল্লার দাউদকান্দি উপজেলা। নির্বাচনী হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে। যার ফলে তিনি নিজের ভোট নিজের আসনে দিতে পারছেন না।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৪ আসনে ইসলামী সুন্নী জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটার তালিকায় নাম দাউদকান্দিতে থাকার কারণে সরাসরি ভোট বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেও তা তার নিজ আসনে গণনা হবে না।
হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ৯০ জন, নারী ভোটার ২ লাখ ৭১ হাজার ১৮০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। আসনে ১৮৩টি স্থায়ী ভোটকেন্দ্র এবং ১ হাজার ১৬টি স্থায়ী ও ৪১টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে।
জেলার মোট সোয়া লাখ চা-শ্রমিক ভোটারের মধ্যে প্রায় এক লাখ চুনারুঘাট ও মাধবপুরে বসবাস করেন। অতীতে কোনো প্রার্থী ভোট চাইতে গেলে শ্রমিকরা বলতেন, ‘নৌকা নিয়ে আসো’। এবারের নির্বাচনে সেই ভোট শিল্পপতি এসএম ফয়সলের ধানের শীষ প্রতীকে যাওয়ার সম্ভাবনা বেশি।
তবে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছেন ইসলামিক ফ্রন্টের প্রার্থী ও আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বিগত সরকারের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ নিরপরাধ ব্যক্তিদের কারাগার থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে চা-শ্রমিক ও আওয়ামী লীগ ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়েছেন। অন্যদিকে, ২৮টি চা-বাগানের শ্রমিকদের ব্যানারে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে এসএম ফয়সলের সমর্থনে।
বিডি-প্রতিদিন/সুজন