ঢাকা-১৩ আসনের সরকারি সংগীত কলেজ কেন্দ্রে ৮০ বছর বয়সী মোরশেদ আলী ভোট দিতে এসে সকলকে অনুপ্রাণিত করেছেন। এক্সিডেন্টে কয়েক বছর আগে একটি পা নষ্ট হলেও লাঠি ভর করে খুঁরিয়ে ভোটকক্ষে প্রবেশ করে তিনি ভোট দেন।
সকাল ১০:৪০ মিনিটে ভোট দেওয়ার পর উচ্ছ্বসিত মোরশেদ আলী বলেন, আমি প্রতিবারই ভোটের সময় আসলে ভোট দিতে আসি। এবার ভোটের পরিবেশ খুব ভালো। অনেকেই নিচে সাহায্য করছে, উপরে পৌঁছে দিচ্ছে। ৮০ বছরে অনেক ভোট দিয়েছি, আর দিতে পারব কিনা জানি না। কয়েক বছর আগে এক্সিডেন্টে পা নষ্ট হলেও ভোট কখনো বাদ দিইনি। দোয়া করবেন যেন বেঁচে থাকলে সামনেও ভোট দিতে পারি।
মোরশেদ আলীর মতো আরও কিছু প্রবীণ ভোটারও শারীরিক অসুবিধা সত্ত্বেও ভোট দিতে এসেছেন। ৭৯ বছর বয়সী মনিরুল ইসলাম তার ছেলের সাহায্যে অটোরিক্সায় ভোট কেন্দ্রে পৌঁছান। এছাড়া ৭৬ বছর বয়সী নুরুজ্জামানকে সিড়ি ধরে তার স্বজন ভোটকক্ষে নিয়ে যান।
সরকারি সংগীত কলেজ কেন্দ্রে দুটি পুরুষ কেন্দ্র রয়েছে। দ্বিতীয় তলায় ৩৭৫৬ জন ভোটার ও নিচতলায় ৩৬৯১ জন ভোটার রয়েছেন। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল কাশেম জানান, সকাল ১০টা পর্যন্ত মোট ভোটার উপস্থিতি ৯ শতাংশ হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল