কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, অনেক দিন পর ভোট দিতে পেরে তার ঈদের মতো আনন্দ লাগছে। জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
শহরের কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।
এদিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন সংসদ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদর আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন। এছাড়া চার জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সংসদ নির্বাচনের পাশাপাশি একই সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কুষ্টিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকালে সরজমিনে কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও বয়োবৃদ্ধ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিডি প্রতিদিন/এএম