কুমিল্লার লাকসামের ধামৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভিড় এতটাই বেশি যে কেন্দ্র ছাড়িয়ে সড়ক পর্যন্ত সারি লেগেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ছে।
এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এখানে আটটি বুথে মোট ভোটার ৪ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১১০ জন, নারী ভোটার ১ হাজার ৮৯৪ জন। তিনি বলেন, এখন ভোটারের চাপ বেশি, ধীরে ধীরে কমে যাবে।
কেন্দ্রে ভোট দিতে আসা বয়োবৃদ্ধ নমিতা রানী পাল বলেন, মেলা দিন পর ভোট দিছি। খুব ভালো লাগছে।
এছাড়া একই চিত্র দেখা গেছে নাঙ্গলকোটের মক্রবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মক্রবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ওই দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৮৫৩ জন, নারী ভোটার ৩ হাজার ৯৭৩ জন।
মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু বলেন, দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরে ভালো লাগছে। জনগণ আজ তাদের রায দিয়ে দিবে।
বিডি-প্রতিদিন/সুজন