ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার সকাল ৮টায় টাঙ্গাইল শহরের বেতকা মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারকে সঙ্গে নিয়ে ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। বাকি আল্লাহ রব্বুল আলামিনের ওপর ভরসা রাখছি। মানুষের সঙ্গে যেভাবে মিশেছি এবং যেভাবে তারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাতে আমি আশাবাদী।
তিনি বলেন, অনেকেই অনেক রকম কথা বলে, অপপ্রচার চালায়, ষড়যন্ত্র করে। কিন্তু আমি কখনো কারও বিরুদ্ধে কথা বলিনি, বলবও না। আমি কাজ দিয়ে এগোতে চাই। ইনশাআল্লাহ, সেই কাজের মাধ্যমেই মানুষের মন জয় করতে পেরেছি বলে বিশ্বাস করি। ভোটের মাধ্যমেই টাঙ্গাইল সদরের জনগণ তার জবাব দেবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। দিনের শুরুটা ভালোই হয়েছে, কোথাও কোনো ঝামেলা হয়নি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আল্লাহর রহমতে টাঙ্গাইল সদরের জনগণের যে সাড়া পেয়েছি, তাতে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকুর সহধর্মিণী সাইমা পারভীন সিম্মি, বড় মেয়ে সামিয়া বিনতে সালাউদ্দিন, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য মোকলেস মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/তানিয়া