ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজবাড়ীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
শান্তিপূর্ণ ভোটের পরিবেশে সকাল থকে রাজবাড়ীর ৩৫৪ টি ভোটকেন্দ্রে আসতে শুরু করেন ভোটার। পছন্দের প্রার্থীর পাশাপাশি সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘ হ্যাঁ-না’ ভোট দিয়ে মত জানাচ্ছেন ভোটাররা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর- গোয়ালন্দ) প্রথম দুই ঘণ্টায় ১৭ শতাংশ ও রাজবাড়ী-২ আসনে (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) ১৫ শতাংশ ভোট পড়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের সকালে ভোটার উপস্থিতি বেশ ভালো ছিল। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেশি হবে।
রাজবাড়ী-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটির ১৫৬টি ভোটকেন্দ্রে ৪ লাখ ২৫ হাজার ১৬১ জন ভোটার রয়েছেন। এ ছাড়া রাজবাড়ী-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটির ১৯৮টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৫১ হাজার ৬৪২ জন ভোটার ব্যালট পেপারে ভোট দিতে পারবেন।
বিডি-প্রতিদিন/তানিয়া