ভোটের দিন রাজধানীতে গণপরিবহন প্রায় নেই বললেই চলে। তবে ভোটারদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চালু রাখা হয়েছে মেট্রোরেল। এতে করে অনেকেই স্বস্তিতে ও দ্রুত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারছেন।
পূরবী মেট্রো স্টেশনের কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট আসিফ জানান, সকাল বেলায় অন্য দিনের তুলনায় যাত্রী কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়ছে। সকালে ভিড় কম থাকলেও ধীরে ধীরে মানুষ বের হচ্ছেন। আমরা যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।
মিরপুর থেকে ফার্মগেট ভোট দিতে যাওয়া এক যাত্রী বলেন, ভোট দিতে যাওয়ার আলাদা একটা আবেগ আছে। রাস্তায় গাড়ি না থাকায় একটু চিন্তা ছিল, কিন্তু মেট্রোরেল চালু থাকায় খুব সহজেই যেতে পারছি।
উদয়ন হাই স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়া হাবিবুর রহমান বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় গাড়ি নেই। মেট্রো পর্যন্ত আসতে ৭০ টাকা খরচ হয়েছে। সিএনজিতে পুরো রাস্তা গেলে প্রায় ৪০০ টাকা লাগত। মেট্রোর কারণে খরচ যেমন কমেছে, তেমনি দ্রুতও পৌঁছাতে পারছি। ইসিবি চত্বর থেকে ৭০ টাকা দিয়ে রিকশায় এসে মেট্রো ধরেছি।
সকালবেলা তুলনামূলক ভিড় কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্টেশনগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়ছে। যাত্রীদের মতে, সড়কে যানবাহন সীমিত থাকলেও মেট্রোরেল চালু থাকায় ভোট দিতে যাওয়া অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ