সারাদেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় শীতের তীব্রতা সত্ত্বেও ভোর থেকেই অনেকেই ভোট কেন্দ্রে এসে উপস্থিত হন ভোটের উৎসবে অংশ নিতে।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাণিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হলেও সকাল ৮টার মধ্যেই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। কেবল পুরুষ ভোটাররাই নয়, নারীদের লাইনের সারিও দীর্ঘ। পার্শ্ববর্তী চাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই ছবি দেখা গেছে।
বাণিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সেলিম উল্লাহ বলেন, "ঐতিহ্যগতভাবে দেশের মানুষ ভোটপ্রিয়। সবাই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিজের ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আজকের ভোটের পরিবেশও এমন সুন্দর।"
প্রিজাইডিং অফিসার জানান, সুন্দর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন। কোথাও কোনো সমস্যা নেই। সকাল ১০টার মধ্যেই প্রায় ৩০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২,৭০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫০০ জন এবং নারী ভোটার ১,৩০০ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ