লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। কোন ধরণের সহিংসতা ছাড়াই বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় গড়ে ২২ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
লক্ষ্মীপুরের অন্তত ১২ টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপচেপড়া ভিড়। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি বেশি। তবে নারী বুথগুলো ধীরগতিতে ভোট হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ২৬২৭ ভোটের মধ্যে ৮০০ নারী-পুরুষ ভোট দিয়েছেন।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানান, কেন্দ্রটিতে ৩ হাজার ২২ ভোটের মধ্যে ইতোমধ্যে ২৪ শতাংশ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে নারী কেন্দ্রে ২৭শ ৯ ভোটের মধ্যে ২২ শতাংশ ভোটার এসেছে। বেগম অজিফা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪শ ১৪ ভোটের মধ্যে সাড়ে ৮শ ভোট কাস্ট হয়েছে।
এদিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের মিল্লাত একাডেমি কেন্দ্রে ৩১শ ৩৫ ভোটের মধ্যে ৭শ ২৮ জন ভোট দিয়েছেন।
জেলার ৪টি সংসদীয় এলাকার অন্তত ২৫ টি ভোটকেন্দ্রে খবর নিয়ে একই ধরণের তথ্য পাওয়া গেছে। তবে বিভিন্নস্থানে পুরুষের তলনায় নারী ভোটার বেশি কেন্দ্রে এসেছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, ইতোমধ্যে লক্ষ্মীপুর জেলার চারটি আসনে গড়ে ২২ শতাংশ ভোট পড়েছে। কোথায়ও কোন ধরণের বিশৃঙ্খলা হয়নি।
বিডি প্রতিদিন/এএম