উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
প্রিসাইডিং অফিসার রেমিন রায়হান বলেন, ১১টা ৪০ পর্যন্ত ২৪ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৪০ হাজার ৭৪৬ জন। এই কেন্দ্রে পুরুষ ভোটার বেশি ভোট দিচ্ছেন।
এদিকে, সারা দেশেই উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। অনেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।
অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।
এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ