ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে এসে তিনি ভোট দেন।
সকালে একটি সাদা পাজেরোয় করে এসে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এসময় তার সাথে ছিলেন তার ভাই ক্রিকেটার নাফিস ইকবালও।
তামিম ইকবাল যে কেন্দ্রে ভোট দিয়েছেন, এটি চট্টগ্রাম-৯ আসনভুক্ত। নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে এ আসন গঠন করা হয়েছে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।
এ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এ কে এম ফজলুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, বাসদের (মার্ক্সবাদী) মো. শফি উদ্দিন কবির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দীন, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী ও জেএসডির আবদুল মোমেন চৌধুরী।
চট্টগ্রাম-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ২ লাখ ২ হাজার ৪৪৮ জন ও হিজড়া ভোটার ৯ জন। এ আসনের ১২১টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। তামিম ইকবালের ভোট দেওয়া কেন্দ্রে ভোটার রয়েছেন ৫ হাজার ৭৩৬ জন। এতে শুধু পুরুষেরাই ভোট দেবেন।
বিডি প্রতিদিন/নাজিম