উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সাগরপাড়ের পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনের ১১১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হয় এ ভোটগ্রহণ। একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরমধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ আসনে ৩ লাখ ১২ হাজার ৬০১ জন ভোটারের বিপরীতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলো— বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান ও ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।
এদিকে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে ব্যালটের ছবি ধারণের অভিযোগে মোহাম্মদ বেলায়েত (৪৫) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। বেলায়েত কুয়াকাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের ভোটা। কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, খেপুপাড়া নেছারুদ্দীন ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানকালে তাওহীদ ইসলাম (১৬) এবং সোহাগ সিকদার (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, তার কেন্দ্রে মোট ভোটার ৩৫৬০জন। এরমধ্যে মহিলা ভোটার ১৭৪৩ জন ও পুরুষ ভোটার ১৮১৭ জন। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩২.১৯ শতাংশ ভোটার ভোট প্রদান করেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সরকারি রিট্রানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. কাউসার জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন কোষ্টগার্ড, আনসার ব্যাটালিয়নের ৪টি স্টাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের ২টি টহল টিম। আশাকরি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ