দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে হাতে ক্যানুলা নিয়ে অ্যাম্বুলেন্সে করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসলেন এক নারী ভোটার। বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলপুর মাঈনুল হাসান কলেজ কেন্দ্রে ওই নারী ভোটার হাতে ক্যানুলা নিয়ে অ্যাম্বুলেন্সে করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসেন। তবে ওই নারী ভোটারের পরিচয় জানা সম্ভব হয়নি।
বিরল ও বোচাগঞ্জ এই ২ উপজেলায় মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ১৮ টি এবং ২টি পৌরসভা। দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৬টি। এর মধ্যে বিরল উপজেলায় ৭১টি ও বোচাগঞ্জ উপজেলায় ৪৫টি। আসনটিতে এবারের ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪ শ’ ৭৮ জন। আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী।
এর মধ্যে ভোট গ্রহণ শুরু হলে বিরল উপজেলার করলা মাধববাটী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ এ, কে, এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা প্রতীক), সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আ. ন. ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল প্রতীক) এবং বোচাগঞ্জ উপজেলার ভাণ্ডার খণ্ড কেন্দ্রে জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. জুলফিকার হোসেন (লাঙ্গল প্রতীক) তাদের ভোট প্রদান করেছেন।
আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ প্রতীক), ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ এ, কে, এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা প্রতীক), জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মো. জুলফিকার হোসেন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জোবায়ের সাঈদ (রিকশা প্রতীক), বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মো. মোকারম হোসেন (হারিকেন প্রতীক), ইসলাীম আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুহা. রেদওয়ানুল কারীম রাবিদ (হাত পাখা প্রতীক), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আ. ন. ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী সেবক পার্টির চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন।
বিডি-প্রতিদিন/তানিয়া